প্রতি বছরই কোরবানির ঈদের প্রায় মাসখানেক আগে থেকে মার্কেট গুলোতে বিক্রিবাট্টার ধুম পড়ে যায়। কিন্তু এবারের ঈদ বাজারের অবস্থা একটু ভিন্ন। ঈদের আর মাত্র ১২ দিন বাকি থাকলেও দোকানপাটগুলোতে সেভাবে বিক্রি নেই। নেই ক্রেতার আনাগোনা। তারপরও শেষ মূহুর্তে এ অবস্থা বদলে বিক্রিবাট্টা কিছুটা হলেও বাড়বে বলে প্রত্যাশা করছেন টাঙ্গাইলের ঘাটাইলের পোশাক ব্যবসায়ীরা।
আজ রবিবার (২৫ মে) ঘাটাইল শহরের বেশ কিছু মার্কেট ঘুরে দেখা যায়, দোকান খুললেও নেই বিক্রির আমেজ। বেচাকেনা না থাকায় অনেকটাই হতাশা লক্ষ্য করা যায় বিক্রেতাদের। পৌর এলাকার বাজার রোডে জাহানারা শপিং কমপ্লেক্স এর ব্যবসায়ী মোঃ আলআমিন হোসেন নিরব জানান, ঈদ উৎসবে কেনাকাটার একটা বড় অংশ জুড়ে থাকে পোশাক। যদিও পোশাক বেশি বিক্রি হয় রোজার ঈদে। তারপরেও এ বছর কোরবানি ঈদের বেঁচা কিনি খুবই কম। ঈদ উপলক্ষে যত টাকার নতুন পোশাক এনেছি তার অর্ধেকও বিক্রি হবে না মনে হচ্ছে। এর মধ্যে আবার কর্মচারীদের বেতন- বোনাস আবার কুরবানীও দিতে হবে। কি দিয়ে কি করব বুঝে উঠতে পারছি না।







