চাঁদপুরের হাজীগঞ্জে মাদকসহ এক যুবক ও এক তরুণীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) ভোরে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সির ছেলে রবিউল করিম এবং ঢাকার বাসিন্দা জ্যুতি আক্তার।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, পুলিশের চেকপোস্ট টিম ভোরে সন্দেহজনকভাবে চলাচল করা একটি এক্সিও প্রাইভেটকার আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৪৫ পিস ইয়াবা, এক বোতল ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাড়িটিও জব্দ করা হয়।
ওসি আরও বলেন, “তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
অন্যদিকে আটক তরুণী জ্যুতি আক্তার জানান, তাঁর মদপানের লাইসেন্স রয়েছে এবং তিনি একজন ড্যান্সার, বিভিন্ন ইভেন্টে পারফর্ম করেন। তবে তিনি দাবি করেন, ইয়াবার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
পুলিশ বলছে, আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







