Thursday, April 30, 2026
spot_img
হোমঅন্যান্যশরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

শরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

শরীয়তপুর পৌরসভা এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পেছনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ডামুড্যা উপজেলার প্রিয়কাঠি এলাকার আব্দুল খানের ছেলে উজ্জল খান (৩৫) এবং দশমনতারা এলাকার মৃত আব্দুল হাই হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৪১)

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পালং মডেল থানা থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে রাতে ওই এলাকায় একটি যৌথ চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেল পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ সন্দেহবশত তাদের থামায় ও তল্লাশি চালায়।

তল্লাশির সময় উজ্জল খানের প্যান্টের কোমর থেকে ৩২ বোরের ৬ চেম্বার বিশিষ্ট একটি রিভলভার উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “চেকপোস্টে মোটরসাইকেলটি থামতে না চাইলে আমরা তাদের আটক করি। পরে তল্লাশিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলে উজ্জল ও সুমনকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার সকালে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়