দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা মহিলা দলের নেত্রী বহিষ্কার
টাঙ্গাইল প্রতিনিধি │ ঘাটাইল ডট কম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা মহিলা দলের চার নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ১০ নভেম্বর তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
ঘাটাইল ডট কম-কে বহিষ্কৃত নেত্রীরা জানান, তারা দলীয় নিয়ম অনুযায়ী নোটিশের জবাব জমা দিয়েছিলেন। তবে বুধবার তাদের কাছে পুনরায় পাঠানো এক চিঠিতে জানানো হয় যে, তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, গত ৯ নভেম্বর টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাবা ইশরাত সরকার নুপুরের নেতৃত্বে জেলা মহিলা দলের সহ-সভাপতি ও প্রায় ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন ঘোষণার বিরোধিতা করে বিক্ষোভ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ওই ঘটনার পর কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট নেত্রীদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। চিঠিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছিলো।







