Thursday, April 30, 2026
spot_img
হোমঅন্যান্যসেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

 

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।

বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালতের শাখায় রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এই স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতে আইভীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এসএম হৃদয় রহমানসহ অন্যরা।

এর আগে মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সেই রায়ে আইভীর জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন।

গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকাকুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পরে ২৭ মে দুই দিনের রিমান্ড শেষে আইভীকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ পৃথক পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আগামী ১৭ নভেম্বর এসব মামলার জামিন সংক্রান্ত শুনানি আপিল বিভাগে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়