Saturday, May 30, 2026
spot_img
হোমঅপরাধটাঙ্গাইলে সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযান

টাঙ্গাইলে সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযান

১৩ দালাল আটক, ১০ জনের কারাদণ্ড ও ৩ জনের অর্থদণ্ড

টাঙ্গাইল সদর হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ জন দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. নওশাদ আলম ও নুসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন।

অভিযানে আটককৃতদের মধ্যে সদর উপজেলার ঘারিন্দার সাদিক উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৭০) কে এক মাসের, গালা গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৪) কে ১৫ দিনের, তারটিয়া গ্রামের মো. আলিমের ছেলে শোভন (২৬), নন্দবালা গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে মো. মাসুদ (২২) ও মোমিননগরের রহিজ উদ্দিনের ছেলে মো. রাকিব (২৮) কে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. রেজাউল (৪০) ও কালিহাতীর নগরবাড়ী গ্রামের আকবর হোসেনের ছেলে মো. মোস্তফা (৫২) কে সাত দিন, ঘাটাইলের গৌরাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে বুলবুল শেখ (২৭) কে পাঁচ দিন, দুলাল হোসেনের ছেলে মো. ইব্রাহিম (২৩), মাকোরকোল গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে মো. জিন্নাত আলী (২৬) ও কালিহাতীর দেউপুরের নবাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৪০) কে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ডপ্রাপ্তদের মধ্যে কালিহাতীর নগরবাড়ী গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে মো. মোস্তফা প্রামাণিক (৫০) কে ১০ হাজার টাকা, বল্লা গ্রামের মিনু মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৪) কে ৩ হাজার টাকা ও শহরের সাবালিয়ার রতন ঘোষের ছেলে বিবেক ঘোষ (২২) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন জানান, এসব দালাল হাসপাতালে আসা রোগীদের ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। সেখানে চিকিৎসা শেষে কমিশন নিত তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, “হাসপাতালপ্রাঙ্গণকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়