ঢাকা, ৩০ অক্টোবর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরখান থানার বড়বাগ এলাকায় থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। তারা দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করার আহ্বান জানান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশের মানুষের অনুপ্রেরণার প্রতীক। তার সুস্থতা দেশের প্রতিটি গণতন্ত্রপ্রেমী মানুষের কামনা।”
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনার শেষে খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।







