Wednesday, April 29, 2026
spot_img
হোমঅন্যান্য৪৮ ঘণ্টার মধ্যে প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ

৪৮ ঘণ্টার মধ্যে প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা
আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসীর উদ্দিন আহমেদ নির্বাচনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

৪৮ ঘণ্টার মধ্যে প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ

তফসিল ঘোষণার পরই সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, দেয়াল লিখনসহ সব ধরনের প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি পাঠিয়েছেন।
সেখানে বলা হয়েছে, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই সব প্রচারসামগ্রী প্রার্থীদের নিজ খরচে অপসারণ করতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোট ১২ ফেব্রুয়ারি

সিইসি নাসীর উদ্দিন আহমেদ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী প্রধান তারিখগুলো

  • মনোনয়নপত্র সংগ্রহ ও জমা: ১২–২৯ ডিসেম্বর
  • যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি
  • মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল: ১১ জানুয়ারি
  • আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
  • মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি
  • চূড়ান্ত প্রার্থী ঘোষণা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
  • গণসংযোগ: ২২ জানুয়ারি–১০ ফেব্রুয়ারি
  • ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (সকাল–বিকেল)

মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের তিন সপ্তাহ পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার প্রার্থীদের মনোনয়ন জমার জন্য ১৮ দিন ও আনুষ্ঠানিক প্রচারণার জন্য ২০ দিন সময় নির্ধারণ করেছে ইসি।

জুলাই অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এ প্রধান উপদেষ্টা প্রথমে ঘোষণা দেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ নির্বাচনের। পরে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্ত হয়।

গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা জানান, সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে অনুষ্ঠিত হবে। সেই ঘোষণা অনুযায়ীই এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ও নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এটি প্রথম জাতীয় নির্বাচন। দুইটি বৃহৎ আয়োজন একই দিনে সম্পন্ন হওয়ায় এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়