Thursday, April 30, 2026
spot_img
হোমআজকের পত্রিকা৫ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ সোমবার: জামায়াতে ইসলামী

৫ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ সোমবার: জামায়াতে ইসলামী

বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ৫ দফা দাবিতে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) দেশের সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

রবিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর প্রতি এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।

অধ্যাপক পরওয়ার বলেন, “বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছি। ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫ দফা গণদাবি উত্থাপন করা হয় এবং চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।”

দলটির ৫ দফা গণদাবি হলো—

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও আগামী নভেম্বরের মধ্যেই সেই আদেশের ওপর গণভোট আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিবৃতিতে জামায়াতে ইসলামী নেতারা বলেন, এই ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই জনগণকে স্বতঃস্ফূর্তভাবে সোমবারের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়