নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের কাজের সময় বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী আইরিন আক্তার অভিযোগ করেছেন, তার স্বামীর মৃত্যু কোনো দুর্ঘটনা নয়— এটি মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলার কারণে সংঘটিত ‘হত্যা’।
রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম আজাদ। আহত হন আরও দুইজন।
ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার হোসেন জানান, নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চকদারের ছেলে। তিনি উত্তরার একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।
নিহতের স্ত্রী আইরিন আক্তার তেজগাঁও থানায় গণমাধ্যমকে বলেন,
“আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলা। টাকা বা চাকরি দিয়ে এই ক্ষতি পুষিয়ে দেওয়া যাবে না। আমি সুষ্ঠু তদন্ত চাই এবং যারা অবহেলায় জড়িত, তাদের কঠোর শাস্তি চাই।”
তিনি আরও বলেন,
“আমার ছেলেটার বয়স ৪ বছর, মেয়ের বয়স ৩ বছর। ওরা এখন বাবাহীন। এর ক্ষতিপূরণ কীভাবে হবে?”
আবুল কালামের শ্যালক সোহাগ আহমেদ জানান, নিহত কালাম নারায়ণগঞ্জের চাষাড়ায় পরিবারসহ থাকতেন। ছয় বছর আগে বিয়ে করার পর তিনি মালয়েশিয়া থেকে ফিরে দেশে স্থায়ী হন।
“আজ কী কারণে দুলাভাই ফার্মগেটে গিয়েছিলেন, আমরা তা জানি না,” বলেন সোহাগ।
এ ঘটনায় তেজগাঁও থানা পুলিশ তদন্ত শুরু করেছে। মেট্রোরেল কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে।







