“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানটি প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির,
- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান,
- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বিএম খায়রুল ইসলাম,
- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান প্রমুখ।
এছাড়া সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ মেলায় বিভিন্ন খাতের মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে। পশুপালন, দুগ্ধ উৎপাদন, আধুনিক প্রযুক্তি, দেশীয় জাত সংরক্ষণসহ নানা বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশু সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদ হোসেন।
উপস্থিত অতিথিরা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।







