টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৭৩৪ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ এ ফল ভোট নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষণা করেন।
লুৎফর রহমান খান আজাদ এ আসন থেকে চারবার এমপি নির্বাচিত হন। বিগত বিএনপি সরকারের প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। এবার তাকে মনোনয়ন দেওয়া না হলেও জনগণের চাপেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীকে ২৫ হাজার ৬০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
প্রাথমিক প্রতিক্রিয়ার বিজয়ী লুৎফর রহমান খান আজাদ বলেন, জনগণই আমাকে প্রার্থী করেছিলেন, তারাই আমাকে বিজয়ী করেছেন। এ বিজয় ঘাটাইলের জনগণের বিজয়, ঘাটাইলবাসীর বিজয়।







