নিজস্ব প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেছেন, “যদি ভোটে জিততে চান, আ.লীগ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বলুন—বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। আমরা সে দায়িত্ব নিচ্ছি।”
বুধবার রাতে সদর উপজেলার খানপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা, গণসংযোগ ও ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসির মালেক বলেন, “যারা নিরীহ আওয়ামী লীগ, যারা বাধ্য হয়ে মিছিল-মিটিংয়ে গেছে, কিন্তু কারও ক্ষতি করেনি বা মিথ্যা মামলা দেয়নি—তাদের বুকে টেনে নিন, তাদের প্রতি সহনশীল হোন।”
তিনি অভিযোগ করে বলেন, “হাসপাতালে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে পয়জন পুশ করে হত্যা করা হয়েছিল। এরপর জামায়াত আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালায় যে বিএনপি মারছে, আমরা ঠেকাচ্ছি।”
বিএনপি নেতা আরও বলেন, “তারা নিজেরাই সাম্প্রদায়িক রাজনীতি করছে। এখন ভোটের জন্য হিন্দু ভাইদের বাড়ি যাচ্ছে, পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে, প্রসাদ খাচ্ছে—সবই ভোটের আশায়।”
তিনি স্পষ্ট করে বলেন, “যারা আওয়ামী লীগের নামে জুলুম-অত্যাচার, দখল-জবরদখল, হামলা-মামলা করেছে, তাদের সঙ্গে কোনো আপস নয়। তবে যারা নিরীহ, শুধু নাম লেখিয়েছে, তাদের পাশে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, মহিলা দলনেত্রী ফরিদা বেগম, রোজিনা খাতুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







