টাঙ্গাইল প্রতিনিধি
ঘাটাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শহিদুল ইসলাম লেবুকে রাজধানীর শ্যামলী এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) গভীর রাতে শ্যামলীর একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি ঘাটাইল এলাকা থেকে পলাতক ছিলেন বলে জানা গেছে।
শহিদুল ইসলাম লেবু ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ঘাটাইলের রাজনীতিতে প্রবেশ করেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় মনোনয়ন নিয়ে একবার সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিপুল ভোটে পরাজিত হন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন লেবু ঘাটাইলে দলীয় প্রভাব খাটিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাতেন। তার নেতৃত্বে বিএনপির বহু নেতাকর্মী নানাভাবে হয়রানি, মামলা ও জেল-জরিমানার শিকার হন।
৫ই আগস্টের পর থেকে তিনি এলাকা ছেড়ে রাজধানীতে আত্মগোপনে ছিলেন। অবশেষে গতকাল রাতে ডিবি পুলিশের অভিযানে তিনি ধরা পড়েন।
ডিবি পুলিশের পক্ষ থেকে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলে এ ঘটনায় বিভিন্ন আলোচনা শুরু হয়েছে।







