রাজধানীর পল্টন মোড়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট অনুষ্ঠানের দাবিসহ পাঁচ দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামী ও সমমনা আট দলের মহাসমাবেশ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার আনুষ্ঠানিক শুরুর আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন। পল্টন মোড়ের আশপাশের সড়কে জনস্রোত ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা এবং ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো যদি জনগণের দাবির প্রতি সাড়া না দেয়, তবে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজপথে নামা হবে। তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশনা ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানান।
পল্টন এলাকায় সমাবেশকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে এলাকায় যান চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে।







