ঘাটাইল উপজেলায় একটি গরুর খামারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। খামারের ঘুমন্ত কর্মচারীকে হাত-পা ও মুখ বেঁধে রেখে বিদেশি জাতের পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামের ইটপাঞ্জাল এলাকার তৌহিদ অ্যাগ্রো খামারে এ ঘটনা ঘটে।
খামার সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত খামারে প্রবেশ করে। তারা প্রথমে খামারের পাহারাদারকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় খামারে অবস্থানরত আরও তিনজন কর্মচারীকে ঘরের ভেতরে আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয় চোরেরা। পরে ট্রাকযোগে খামার থেকে বিদেশি জাতের পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় তারা।
খামারের পাহারাদার মো. হযরত আলী বলেন,
“হঠাৎ রাত তিনটার দিকে কয়েকজন লোক এসে আমাকে বেঁধে ফেলে। তারা ট্রাক নিয়ে এসেছিল, আমি ট্রাকের শব্দ শুনতে পেয়েছি। চোরেরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন এসে আমার বাঁধন খুলে দেন।”
তৌহিদ অ্যাগ্রো খামারের ম্যানেজার তামিম সিয়াম শান্ত জানান,
“রোববার রাতে খামার থেকে পাঁচটি বিদেশি জাতের গরু চুরি হয়েছে। প্রতিটি গরুর মূল্য দুই লাখ টাকার বেশি। বিষয়টি আমরা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি।”
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন,
“চুরির ঘটনাটি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় খামার মালিক ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে গরু উদ্ধারের দাবি জানিয়েছেন।







