বাংলাদেশে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বাড়ছে উদ্বেগজনক হারে। বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকস (ব্যানবেইস) প্রকাশিত ‘শিক্ষা পরিসংখ্যান ২০২৪’ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী কমেছে কয়েক লাখ। একই সময়ে মাদ্রাসা শিক্ষায় শিক্ষার্থী বেড়েছে প্রায় আড়াই লাখ।
ব্যানবেইসের হিসাব বলছে, ২০২৪ সালে দেশের স্কুল স্তরে শিক্ষার্থী ছিল ৯০ লাখ ৬৩ হাজার ৪২২ জন, যা ২০২০ সালের তুলনায় প্রায় ১২ লাখ কম। অন্যদিকে, মাদ্রাসায় শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৯৬ হাজারেরও বেশি— যা গত চার বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।
শিক্ষাবিদদের মতে, এই প্রবণতার পেছনে রয়েছে দারিদ্র্যের বৃদ্ধি, শিক্ষার ক্রমবর্ধমান ব্যয়, শিশু শ্রমের বিস্তার এবং ধর্মভিত্তিক রাজনৈতিক প্রভাব। তারা বলছেন, অনেক পরিবার অর্থনৈতিক সংকটের কারণে সন্তানদের সাধারণ স্কুলে পড়াতে পারছে না; অন্যদিকে মাদ্রাসায় বিনামূল্যে শিক্ষা, খাদ্য ও আবাসনের সুযোগ থাকায় দরিদ্র পরিবারগুলো সেই পথ বেছে নিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক (অব.) ড. মাহবুব হোসেন বলেন,
“মাদ্রাসা শিক্ষার প্রতি ঝোঁক বাড়ছে মূলত অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার কারণে। তবে এই প্রবণতা যদি অব্যাহত থাকে, তা ভবিষ্যতে সাধারণ শিক্ষাব্যবস্থার মান ও ভারসাম্যে প্রভাব ফেলবে।”
শিক্ষাবিদেরা সরকারকে সাধারণ শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর, উপবৃত্তি ও সহায়তা কার্যক্রম সম্প্রসারণের এবং শিক্ষানীতিতে সমন্বিত সংস্কারের আহ্বান জানিয়েছেন।







