Thursday, April 30, 2026
spot_img
হোমঅপরাধগোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর, আহত ২

গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর, আহত ২

টাঙ্গাইলের গোপালপুরে দলীয় নেতাকর্মীদের কাজ না করার অভিযোগে উপজেলা নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন যে, তাদের কাজ নির্বাচন অফিসে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে। এ সময় তারা “আওয়ামী ট্যাগ” দেওয়ার অভিযোগ তুলে অফিসে হামলা ও ভাঙচুর চালান। হামলাকারীরা নির্বাচন কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও জানা যায়। এতে অফিসের জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি দুইজন আহত হন।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেন বলেন, “নির্বাচন অফিসার নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। এ বিষয়ে আমরা ভুক্তভোগীদের নিয়ে কথা বলতে গেলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।”

গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন চৌধুরী বলেন, “ঘটনাটি তেমন গুরুতর নয়। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে এবং অফিসের কাচের জানালা ভাঙা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এদিকে, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, “সরকারি অফিসে হামলা ও সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। যদি নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তা লিখিতভাবে দেওয়া উচিত ছিল। নির্বাচন অফিসার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়