নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেছেন, “নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, তবে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়েই সেই ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে।”
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর ঐতিহ্যবাহী শাহ আমানত (র.) মাজার জিয়ারতের মাধ্যমে নিজের নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন তিনি। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ও ফাতেহা পাঠ শেষে মোনাজাতে অংশ নেন। পরে তিনি মাজার সংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।
মীর হেলাল বলেন,
“জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে গত ১৭ বছর ধরে হাটহাজারী ও বায়েজিদ এলাকার জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি। বিএনপিকে তৃণমূল থেকে সুসংগঠিত করার প্রতিদান হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই এলাকার জনগণের কাছে ‘ধানের শীষ’ আমানত হিসেবে দিয়েছেন। ইনশাআল্লাহ, জনগণ এই আমানতের মর্যাদা রাখবে এবং ধানের শীষকে বিজয়ী করবে।”
তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“আমাকে মনোনয়ন দিয়ে যে আস্থা রেখেছেন, আমি জীবন দিয়ে সেই আস্থার মর্যাদা রাখব। চট্টগ্রামবাসী অতীতে যেভাবে আমাদের পাশে থেকেছে, তাদের ভালোবাসার ঋণ কখনও শোধ হবে না।”
মাজার জিয়ারত শেষে মীর হেলাল হাটহাজারীর লালিয়ার হাটে জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপির কবর জিয়ারত করেন। এরপর তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ও স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগে অংশ নেন।
পরে তিনি নিজ গ্রাম মীরের খীলে দাদা-দাদিসহ পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন এবং সেখানে অনুষ্ঠিত হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।







