ভুল জায়গায় রাউটার রাখছেন? তাই কমে যাচ্ছে ওয়াইফাই স্পিড
আজকের ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া দৈনন্দিন জীবন কল্পনাই করা যায় না। চাকরি, পড়াশোনা, অনলাইন ব্যবসা কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই নির্ভর করতে হচ্ছে ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগের ওপর। তবে অনেক সময় দেখা যায়, শুরুতে ভালো স্পিড থাকলেও হঠাৎ করেই ওয়াইফাই ধীর হয়ে যায়। অনেকেই তখন নেটওয়ার্ক কোম্পানিকে দায়ী করেন। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ক্ষেত্রেই এর জন্য দায়ী রাউটারের ভুল অবস্থান।

বিশেষজ্ঞরা বলছেন, ওয়াইফাই সিগন্যাল যত বেশি বাধার সম্মুখীন হয়, স্পিড তত কমে যায়। তাই রাউটার কোথায় এবং কীভাবে রাখা হচ্ছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চলুন জেনে নিই এমন পাঁচটি জায়গা, যেখানে রাউটার রাখলে ওয়াইফাই স্পিড উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে—
১. মেঝেতে রাউটার রাখা
মেঝেতে রাউটার রাখলে সিগন্যাল সঠিকভাবে ছড়িয়ে পড়তে পারে না। ফলে ঘরের ওপরের তলা কিংবা দূরের ডিভাইসগুলো দুর্বল সংযোগ পায়।
২. ভারী আসবাবপত্রের আড়ালে রাখা
আলমারি, সোফা কিংবা ভারী আসবাবপত্রের পেছনে রাউটার রাখলে সিগন্যাল বাধাগ্রস্ত হয়। এতে ওয়াইফাইয়ের গতি কমে যায় এবং সংযোগে বিঘ্ন ঘটে।
৩. বেসমেন্ট বা নিচতলায় রাখা
বেসমেন্টে থাকা বৈদ্যুতিক তার, পাইপ ও লাইট সিগন্যাল দুর্বল করে দেয়। পাশাপাশি ব্যবহারকারীদের থেকে দূরে থাকায় ইন্টারনেট স্পিড আরও কমে যায়।
৪. আলমারি বা ক্যাবিনেটের ভেতরে রাখা
রাউটার লুকানোর জন্য ক্যাবিনেট বা আলমারির ভেতরে রাখলে সিগন্যাল ব্লক হয়। একই সঙ্গে বাতাস চলাচল না থাকায় রাউটার অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে।
৫. অন্য রাউটারের খুব কাছে রাখা
একাধিক রাউটার কাছাকাছি রাখলে সিগন্যাল কনফ্লিক্ট তৈরি হয়। এর ফলে ওয়াইফাই স্পিড মারাত্মকভাবে কমে যেতে পারে।
রাউটার রাখার সেরা জায়গা কোনটি?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রাউটার ঘরের মাঝামাঝি, কিছুটা উঁচু জায়গায় এবং দেয়াল বা বড় আসবাবপত্র থেকে দূরে রাখা উচিত। চারপাশে বাতাস চলাচলের ব্যবস্থা থাকলে রাউটার ভালোভাবে কাজ করে। প্লাস্টিক বা কাপড়ের ঝুড়িতে রাখা যেতে পারে, তবে ধাতব কোনো কিছুর ওপর কখনোই রাউটার রাখা উচিত নয়।
সঠিক জায়গায় রাউটার রাখলেই বাড়তি খরচ ছাড়াই পাওয়া যেতে পারে সর্বোচ্চ ওয়াইফাই স্পিড।







