ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং নতুন প্রতিরক্ষা চুক্তি এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ থেকে এ চিঠি পাঠানো হয়। পরদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে চিঠিটি প্রকাশ করে।

চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের বিজয়কে “ঐতিহাসিক” উল্লেখ করে ট্রাম্প প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সফলতা কামনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
ট্রাম্প আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এতে উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা উপকৃত হবেন বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে তিনি বলেন, প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন হলে বাংলাদেশের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।
চিঠির শেষে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতে তিনি একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন্সন–এর ওপরও তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং তারেক রহমানের আগামী দিনের সফলতা কামনা করেন।







