রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পানি সংকটের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে মারাত্মক বেগ পোহাচ্ছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে পর্যন্ত বস্তির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল সোয়া ৫টার দিকে কড়াইল বস্তির একটি অংশে আগুনের সূত্রপাত হয়। যানজট ঠেলে প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পানি সংকটের কারণে আরও ৫টি এবং শেষ পর্যন্ত অতিরিক্ত ৩টি ইউনিট যোগ করে মোট ১৯টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “ঘটনাস্থলে পানির তীব্র সংকট রয়েছে। এ কারণে পানিবাহী ইউনিটসহ আরও কয়েকটি ইউনিট যোগ করতে হয়েছে। আমাদের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন।”
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আগুন দ্রুতই টিন, বাঁশ ও কাঠের তৈরি একতলা থেকে তিনতলা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় অনেক বাসিন্দা ঘরে ছিলেন না, কারণ অধিকাংশই পোশাককর্মী, রিকশাচালক, হকার বা দিনমজুর।
আতঙ্কে বস্তিবাসীরা মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। স্থানীয়দের অনেকে চাপকল ও খাল থেকে পানি এনে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
আগুন লাগার পরপরই বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বস্তির বড় একটি অংশজুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, আকাশে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলি।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দমকল বাহিনী ঘটনার আপডেট জানাতে কাজ করে যাচ্ছে।







