টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় ইয়াকুব মিয়া (৬০) নামে এক সাবেক মেম্বার নিহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব মিয়ার বাড়ি উপজেলার কদিমহামজানি গ্রামে।
স্থানীয়রা জানান, বিকেলে রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস ইয়াকুব মিয়াকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







