Friday, April 17, 2026
spot_img
হোমঅন্যান্যআগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজ গুছিয়ে আনছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজ গুছিয়ে আনছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

ঢাকা | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে এনে ফেলেছে বিএনপি। প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী ঠিক করে রাখার কাজ চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীর সঙ্গে কথা বলেছি। আমাদের লক্ষ্য হলো—দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা।”

তিনি আরও বলেন, “আমরা চাই, দলের ভেতরে ও জাতির ভেতরে ঐক্য বজায় থাকুক। জাতির ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। কেউ যেন বিভেদের পথে না যায়, সেই বার্তাই আমরা দিতে চাই।”

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে এক আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ার কৌশল নিয়েছিল বিএনপি। তৎকালীন সরকারের সময়ে প্রার্থিতা বাতিলের ঘটনাকে মাথায় রেখেই সেই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারের নির্বাচনে একই ধরনের প্রস্তুতি থাকলেও দলটি ঐক্যের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান সালাহউদ্দিন।

সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রায় দুই শতাধিক আসনে ধানের শীষের প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে। দলের স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকেই প্রার্থীদের তালিকা অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে সঙ্গে নিয়ে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করব।”

যুব সমাজের রাজনৈতিক অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা সারা দেশে সফর করেছি, তরুণদের রাজনৈতিক চিন্তা–ভাবনা সংগ্রহ করেছি। এখন সেই ভাবনা বাস্তবায়নের মাধ্যমে তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছি।”

এ সময় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়