পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে বলেছেন, “দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলতে হবে।”
শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু নেতা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দুর্নীতি, লুটপাট এবং স্বজনপ্রীতির মাধ্যমে দেশের ক্ষতি করেছে। এই দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা।” তিনি আরও দাবি করেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার, অর্থাৎ ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে। এর মধ্যে শুধু পিরোজপুর থেকেই আওয়ামী লীগের এক এমপি এক হাজার সাতশো কোটি টাকা লুট করেছে।”
তিনি আরো যোগ করেন, “এখন সময় বদলেছে। ৫ আগস্টের পর বাংলাদেশের জনগণ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে। নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, কিংবা দুর্নীতিবাজের স্থান হবে না। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
মাসুদ সাঈদী দাবি করেন, “দেশের অবস্থা ক্রমেই অব্যবস্থাপনার দিকে যাচ্ছে। বর্তমান সরকারের দুর্নীতি এবং লুটপাটের রাজনীতি বন্ধ করতে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীই সক্ষম। আমাদের মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যানরা দায়িত্ব পালনকালে কোনোরকম দুর্নীতি ছাড়াই প্রমাণ করেছেন, সদিচ্ছা থাকলে রাষ্ট্র পরিচালনা দুর্নীতিমুক্ত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী এমন একটি আদর্শবাদী সমাজ গড়তে চায়, যেখানে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র হবে। আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব এবং জেলা সেক্রেটারি জহিরুল হক। এছাড়া বক্তব্য রাখেন পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, এবং সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল আমিন ফকির।
এ সভায় সর্বসম্মতভাবে ঘোষণা করা হয়, জামায়াতে ইসলামী আগামী দিনে দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট থেকে মুক্তি পেতে দৃঢ়ভাবে কাজ করবে।







