ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে ঘাস মারা ওষুধ খেয়ে মো. রাহাত (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রাহাত ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের সড়াবাড়ী চেগার গ্রামের সৌদিপ্রবাসী ফজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে রাহাত ঘাস মারা ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য কুলসুম খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুই দিন আগে রাহাত ঘাস মারা ওষুধ খেয়েছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে।”







