কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলা থেকে দলের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল বের করেন। পরে রাতেই পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ১৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মো. জালাল (২৮),
ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে আল আমিন সরকার (৩৮),
বুড়িরপাড় গ্রামের মৃত মোহর আলীর ছেলে হরমুজ মুহুরী (৫০),
আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (৫৪),
সাবেরপুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া (২২),
বরাট গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. সুজন (২৬),
পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭),
মৃত মনছুর আলীর ছেলে আবুল কালাম ভোলা (৪০),
বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রেজাউল করিম (২৭),
পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে যুবলীগ নেতা মো. আল আমিন (৪২),
দুলাল মিয়ার ছেলে মো. সৃজান (১৮),
মো. তাজুল ইসলামের ছেলে মো. সফিকুল ইসলাম (২৩),
এবং আবুল হোসেনের ছেলে মো. বিল্লাল হোসেন (৪৪)।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা এলাকায় নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।







