আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া এসএম ওবায়দুল হক নাসিরের প্রার্থিতা বাতিলের দাবিতে রাজধানীর গুলশানে অবস্থান কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।
রোববার (৯ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে টাঙ্গাইল জেলা মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৪০ মিনিট থেকে গুলশানের নর্থ অ্যাভিনিউ রোডে (সোসাইটি পার্কের গেটসংলগ্ন) মহিলা দলের প্রায় দুই শতাধিক কর্মী অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা এসএম ওবায়দুল হক নাসিরের প্রার্থিতা বাতিল করে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে ঘাটাইল আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঈশরাত সরকার নুপুর, সহ-সভাপতি সেলিনা খানম এবং সাবেক ছাত্রদল নেতা মো. শামীম মিয়া।
মহিলা দলের একাধিক নেত্রী বলেন, “ঘাটাইল আসনে আমরা ন্যায্য প্রার্থী চাই। লুৎফর রহমান আজাদ স্থানীয় মানুষের নেতা, ঘাটাইলবাসী তাকেই চায়।”
অংশগ্রহণকারীরা জানান, তারা তিনটি বাসযোগে টাঙ্গাইল থেকে ঢাকায় এসে কর্মসূচিতে অংশ নেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।
গুলশান থানার এক কর্মকর্তা জানান, পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল এবং বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঘাটাইল আসনের প্রার্থী নির্বাচন নিয়ে বিএনপির স্থানীয় রাজনীতিতে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দলীয় নেতারা মনে করছেন, এ ধরনের অভ্যন্তরীণ বিরোধ নির্বাচনপূর্ব দলীয় সমন্বয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।







