বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন এবার ভিন্নভাবে উদ্যাপন করলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় ঘাটাইল-সাগরদীঘি সড়কের ঝরকা শুকনি এলাকা থেকে দুর্ঘটনা প্রতিরোধ ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার অভিযান পরিচালনা করেছেন নেতাকর্মীরা।
এ অভিযানের সূচনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। শতাধিক নেতাকর্মী, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে তিনি রাস্তার দু-পাশের আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করেন।
ঘাটাইল উপজেলার পূর্বাঞ্চলে অন্তত ছয়টি ইউনিয়নভুক্ত এলাকা পাহাড়ি লালমাটি অধিভুক্ত। এসব অঞ্চলে রয়েছে বন বিভাগ পরিচালিত সামাজিক বনায়ন, গজারি গাছের বাগান এবং লাখোর্ধ মানুষের বসবাস। এ বনাঞ্চলের বুক চিরে তৈরি হয়েছে ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়ক। অবহেলা আর অযত্নে এসব এলাকায় রাস্তার দুপাশে সহজেই জায়গা করে করে নেয় আগাছা আর ঘন ঝোপঝাড়। এসবের কারণে এ সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা, এমনকি মাঝেমধ্যে ডাকাতির ঘটনাও আতঙ্ক ছড়ায়। এ ছাড়াও শীতের কুয়াশায় দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পায়। এসব থেকে পরিত্রাণ পেতে রাস্তার দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করার এ ব্যতীক্রমি কার্যক্রম পরিচালনা করেন।
ঘাটাইল-সাগরদীঘি সড়কটিতে দিনে,রাতে চলাচল করে অসংখ্য বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল। পাহাড়ী এলাকা হওয়ার কারণে সড়কটি আঁকাবাঁকা এবং উঁচু-নিচু। রাস্তার দুপাশে ঝোপঝাড় থাকায় অন্য পাশ থেকে যানবাহন এলে সহজেই দেখা না যাওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। শীতে ঘন কুয়াশার কারণে এই সমস্যা আরও ঘনীভূত হয়।
স্থানীয়রা জানান, রাতের বেলা সড়কটিতে ঝোপঝাড় হয়ে ওঠে চোর-ডাকাতের অভয়াশ্রম। রাতে এ সড়কে কিছুদিন পরপর চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। সড়কের পাশে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছগাছালির ঝোপ ডাকাতদের আশ্রয়স্থল হয়ে ওঠে।
ওবায়দুল হক নাসির বলেন, আজকে আমাদের নেতা তারেক রহমানের শুভ জন্মদিন। এ দিনটিকে উদ্যাপনের জন্য আমরা কেক কাটা, মিছিল, মিটিং ইত্যাদি কর্মসূচি এরিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। আমরা প্রতিনিয়ত প্রিয়জন হারাচ্ছি—এ বেদনাবোধ থেকে আমাদের এ উদ্যোগ। সামান্য সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা একটি প্রাণ বাঁচাতে পারে। আশা করি, আমাদের এ উদ্যোগ দেখে দেশের অন্যান্য অঞ্চলের তরুণরাও সড়ক নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসবেন।







