টাঙ্গাইলের ধনবাড়ীতে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে ধনবাড়ী পৌরসভার গোপালবাড়ী এলাকায় নূরনবী নামে এক ব্যক্তির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে হঠাৎ আগুন দেখে ঘরে থাকা লোকজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় কোনো প্রাণহানি না ঘটলেও ঘরের ভেতরের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী সুরভী আক্তার, জমিলা বেগম, শাহীন ও নূরনবীসহ পরিবারের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ১৫ শতক জমি নিয়ে প্রতিবেশী মোহাম্মদ আলী ও তার ভাই ওয়াজেদ আলীর সঙ্গে বিরোধ চলছে। ওই জমি নিয়ে টাঙ্গাইল আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার দিনও তারা প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সুরভী আক্তার বলেন, “আমরা ধারণা করছি, ওই বিবাদীপক্ষের লোকজনই প্রতিশোধ নিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় সুরভী আক্তার বাদী হয়ে ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ধনবাড়ী থানার এক কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







